বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে পশ্চিম আফ্রিকার দেশ ঘানা। বুধবার বিকেলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সাক্ষাৎকালে ঘানার হাইকমিশনার কোয়াসি অবিরি-ডানসো বলেন, দেশটির বাজারে বাংলাদেশে উৎপাদিত ওষুধ, তৈরি পোশাক, সিরামিক, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্যের বড় সম্ভাবনা রয়েছে। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে হাইকমিশনার জানান, বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ মাত্র ৩৫ থেকে ৪০ লাখ ডলার, যা অত্যন্ত নগণ্য। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।
তিনি আরও বলেন, ঘানায় আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার কার্যালয় অবস্থিত। তাই ঘানার সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ালে পুরো আফ্রিকা মহাদেশের বিশাল বাজারে বাংলাদেশি পণ্যের সহজ প্রবেশাধিকারের সুযোগ তৈরি হতে পারে। বিশ্ববাজারে স্বর্ণ ও কোকোবীজের অন্যতম রপ্তানিকারক দেশ হিসেবে ঘানার পরিচিতি রয়েছে।
এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক বলেন, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, সিরামিক, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য ঘানায় রপ্তানির অপার সম্ভাবনা রয়েছে। দুই দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, সরাসরি ও অনলাইন সভা এবং সুনির্দিষ্ট বাণিজ্যিক অংশীদার খোঁজার জন্য প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর ওপর তিনি জোর দেন।
বৈঠকে এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ ঘানা হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।