বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার বাড়ি ‘পরিত্যক্ত’ উল্লেখ করা অফিস আদেশ বাতিল

হাইকোর্টে রিটের শুনানির আগেই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয় ৯ নভেম্বরের আদেশ বাতিল করেছে বলে জানিয়েছেন শহীদ পরিবারের আইনজীবী।

ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধে শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার পৈতৃক সম্পত্তিকে ‘পরিত্যক্ত বাড়ি’ উল্লেখ করে তা পুরাকীর্তি হিসেবে পরিদর্শনের জন্য দল গঠনসংক্রান্ত অফিস আদেশ বাতিল করা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের (চট্টগ্রাম ও সিলেট বিভাগ) এক স্মারকে এ তথ্য জানা গেছে।

ওই কার্যালয় থেকে ৯ নভেম্বর অফিস আদেশটি জারি করা হয়েছিল। এতে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতিবিজড়িত ‘পরিত্যক্ত বাড়ি’ সংরক্ষণের জন্য সরেজমিনে পরিদর্শন দল গঠন ও প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়। আদেশ প্রত্যাহার বা বাতিল চেয়ে ১৬ নভেম্বর আইনি নোটিশ পাঠান ধীরেন্দ্রনাথ দত্তের নাতনি ও সাবেক সংসদ সদস্য আরমা দত্তের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ পাঁচ কর্মকর্তার কাছে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো ওই নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে আদেশ বাতিলের দাবি জানানো হয়।

নির্ধারিত সময়ে আদেশ বাতিল না হওয়ায় হাইকোর্টে রিট করা হয়। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া জানান, রিটটি শুনানি ও আদেশের জন্য আগামী সোমবার ধার্য আছে। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বলেন, ‘এ অবস্থায় আজ সন্ধ্যায় চিঠি পেলাম, যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৯ নভেম্বরের ওই অফিস আদেশ বাতিল করেছে।’

নোটিশের ভাষ্য অনুযায়ী, কুমিল্লার আদর্শ সদর থানার চুতরা মৌজার ৩৫৩ নম্বর হোল্ডিংয়ের ১১ দশমিক ৫৬ শতক জমির মালিক মূলত ধীরেন্দ্রনাথ দত্ত। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাঁকে ও তাঁর অবিবাহিত ছেলে দিলীপ দত্তকে হত্যা করলে অপর ছেলে সঞ্জীব দত্ত সম্পত্তির উত্তরাধিকারী হন। ১৯৯২ সালে সঞ্জীব দত্ত মারা গেলে আরমা দত্ত ও রাহুল দত্ত মালিকানা পান; বিএস জরিপে জমিটি তাঁদের নামে রেকর্ড হয়। চলতি বছরের ১৩ মে রাহুল দত্ত মারা যাওয়ার পর আরমা দত্ত নিজের নামে নামজারি করেন।

আইনি নোটিশে আরও বলা হয়, আরমা দত্ত বা তাঁর পূর্বসূরিরা কখনো সম্পত্তিটি পরিত্যাগ করেননি; নিয়মিত ভূমি উন্নয়ন কর ও সিটি করপোরেশনের হোল্ডিং কর দিয়ে তিনি তা ভোগদখল করে আসছেন। সরকারও কখনো সম্পত্তিটিকে পরিত্যক্ত হিসেবে তালিকাভুক্ত করেনি। পুরাকীর্তি আইন, ১৯৬৮-এর ৬ ধারা অনুযায়ী ব্যক্তিগত সম্পত্তিতে পদক্ষেপের আগে যুক্তিসংগত নোটিশ দেওয়া বাধ্যতামূলক বলেও নোটিশে উল্লেখ করা হয়, যা এ ক্ষেত্রে মানা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।