বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, পাঠানো পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান ফারুক বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পদত্যাগপত্রে তিনি শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। সংসদ সচিবালয় সূত্র আরও জানায়, চিকিৎসার জন্য তিনি দীর্ঘদিন আমেরিকায় আছেন এবং সেখান থেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত ২০ আগস্টের রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি; সে সময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন এবং বিষয়টি জানিয়ে সংসদ সচিবালয়ে চিঠি দিয়েছিলেন।
এ ঘটনার পেছনে অন্য কারণ থাকতে পারে কি না, সে বিষয়ে বিএনপির উচ্চপর্যায়ের একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে অসন্তোষ ছিল। এ কারণে তিনি পদত্যাগ করে থাকতে পারেন বলে ওই সূত্রের ধারণা। তবে পদত্যাগপত্রে তিনি কেবল শারীরিক অসুস্থতার কথাই উল্লেখ করেছেন।
ওসমান ফারুক পেশায় কৃষি অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা শেষে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে তিনি রাজনীতিতে আসেন।
২০০১ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৪ আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন তিনি। একই বছরের ১০ অক্টোবর চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন এবং ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত ওই পদে ছিলেন। গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর তিনি দেশে ফেরেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে তিনি জয়ী হয়েছিলেন।