শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

প্রাণিসম্পদ সপ্তাহে ডা. জুবাইদা রহমান: কৃষি ও প্রাণিসম্পদে নতুন প্রজন্মকে যুক্ত করতে হবে

রাজধানীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি রন্ধনশিল্পীদের আরও সক্রিয় ভূমিকার কথাও বলেন।

কৃষি ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে নতুন প্রজন্মকে আরও বেশি যুক্ত করার ওপর জোর দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে কৃষির প্রতি আগ্রহী করে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া দরকার।

শুক্রবার রাজধানীর শেরে বাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬–এর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও বৈচিত্র্যময় খাবারকে বিশ্বমঞ্চে তুলে ধরতে রন্ধনশিল্পীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে কৃষির প্রতি তরুণদের আগ্রহ বাড়ানোর উদ্যোগ জোরদার করা জরুরি বলে মত দেন তিনি।

শিশুদের পুষ্টি নিয়ে তিনি জানান, দেশের শতাধিক উপজেলায় এখন ৩১ লাখ শিশুকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। ২০২৭ সালের মধ্যে সব উপজেলার মোট ১ কোটি ১০ লাখ শিশুকে মিড-ডে মিলের আওতায় আনার লক্ষ্য রয়েছে বর্তমান সরকারের।

ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি, প্রাণিসম্পদ ও সংশ্লিষ্ট খাতের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।

প্রাণিসম্পদ সপ্তাহের অন্যতম আয়োজন ছিল রন্ধন প্রতিযোগিতা। অনুষ্ঠানে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, কৃষিমন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আয়োজকেরা উপস্থিত ছিলেন।