রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৮ জানুয়ারি ২০২৭ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। রুয়েট ও বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)—দুই কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে এ পরীক্ষা নেওয়া হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন ১৮ হাজার শিক্ষার্থী।
রুয়েটের জনসংযোগ দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রুয়েটের পাশাপাশি বুয়েট কেন্দ্রেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভাপতিত্ব করেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও স্টিয়ারিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুজ্জামান। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে।
আবেদনের যোগ্যতা হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৩ বা ২০২৪ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ নিয়ে উত্তীর্ণ হতে হবে। ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে মোট জিপিএ কমপক্ষে ১৩.০০ থাকতে হবে। তবে প্রতিটি বিষয়ে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ লাগবে।
জিসিই ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেলে উত্তীর্ণদের ক্ষেত্রে ‘ও’ লেভেলে কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘এ’ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে আলাদাভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে এবং ২০২৫ সালের নভেম্বর বা এর পরে ‘এ’ লেভেল সনদ পেতে হবে। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্টিয়ারিং কমিটির ওপর ন্যস্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।