পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নে পদ্মা নদীর কালীতলা এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে থানা-পুলিশ। রোববার রাত ১০টার দিকে পরিচালিত এই অভিযানে একটি ভেকু (এক্সকাভেটর) ও একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে চালক না থাকায় যানবাহন দুটি তাৎক্ষণিকভাবে থানায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। অভিযানে ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুকুল হোসেন, এসআই মো. আব্দুল লতিফ ও এসআই মো. আব্দুল আজিজসহ কয়েকজন সহকারী উপপরিদর্শক অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈশ্বরদীর এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ভাতিজা পরিচয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাতের বেলা অবৈধভাবে মাটি কেটে আসছে। রোববার রাতেও মাটি কাটার সময় এলাকাবাসী জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। এরপর পুলিশ ঘটনাস্থলে যায়।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান বলেন, ৯৯৯-এ এলাকাবাসীর ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা যানবাহনের চালকসহ পালিয়ে যান। তিনি জানান, ভেকু ও ড্রাম ট্রাক দুটি জব্দ করা হয়েছে এবং সেগুলো থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
অভিযানে অংশ নেওয়া এসআই মো. আব্দুল লতিফ বলেন, জব্দ করা ভারী যানবাহন দুটি এখনো ঘটনাস্থলেই রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনার অপেক্ষায় আছেন তাঁরা; সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা বা মামলা করার তথ্য জানা যায়নি। স্থানীয়দের দাবি, নদীর তীরের মাটি কাটা বন্ধে নিয়মিত নজরদারি ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। পদ্মার তীরে এভাবে মাটি কাটলে ভাঙনের ঝুঁকি বাড়ে বলেও তাঁরা উদ্বেগ জানান।