২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।
বুধবার বিকেল সাড়ে ৪টায় নগরীর আলুপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে নেতারা ন্যায়বিচার, আইনের শাসন ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সঙ্গে ২৮ অক্টোবরের ঘটনার বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে তাঁরা সরকারের প্রতি দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। প্রধান অতিথি ছিলেন নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর এবং বিশেষ অতিথি ছিলেন মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতার অবসান জরুরি। অতীতের কোনো সহিংস ঘটনা যেন বিচারহীনতার কারণে আড়ালে থেকে না যায়, সে জন্য নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে ঘটনার সঙ্গে জড়িতদের আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করার দাবিও জানান তাঁরা। দেশে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।