ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র জানায়, তিন দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠক হবে।
ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে নিবন্ধিত দল ৫৯টি। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরাও আমন্ত্রণ পাচ্ছে না বলে ইসি সূত্রে জানা গেছে। অন্যদিকে জাতীয় পার্টি আমন্ত্রণ পাচ্ছে।
গত ১২ অক্টোবর কমিশনের নিজস্ব বৈঠকে দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি ভোটের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল। এবারের ইউপি নির্বাচন হবে পাঁচ ধাপে। তফসিল ঘোষণা না হলেও পাঁচ ধাপের ভোটের তারিখ এবং কোন ধাপে কোন কোন ইউপিতে ভোট হবে, তার তালিকা ইসি আগেই প্রকাশ করেছে।
ইসির সূচি অনুযায়ী প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানের এ নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে।