রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলেদের ১১টি আবাসিক হলে একটি করে ডিপ ফ্রিজ দিয়েছে রাকসুতে ছাত্রশিবির–সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক কর্মসূচিতে হল সংসদগুলোর কাছে ফ্রিজগুলো হস্তান্তর করা হয়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁদের ভাষ্য, ফ্রিজগুলো রাকসুর তহবিলের অর্থে কেনা হয়নি; বিভিন্ন স্পনসর সংগ্রহ করা হয়েছে।
রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের দীর্ঘদিনের চাহিদা ছিল। ছাত্রদের হলে ফ্রিজ না থাকায় সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে এর ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপে ছাত্রদের সব হলে ফ্রিজ দেওয়া হচ্ছে; পরের ধাপে ছাত্রীদের হলগুলোতেও দেওয়ার চেষ্টা থাকবে। তিনি আরও বলেন, রাকসুর মেয়াদ শেষ হলেও শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবিরের পক্ষ থেকে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে।
রাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ছালমান ছাব্বির বলেন, প্রতিটি আবাসিক হলে ডিপ ফ্রিজ দেওয়ার অঙ্গীকার ছিল এবং সেটি বাস্তবায়ন করা গেছে। তবে এসব ফ্রিজ হলের শিক্ষার্থীর তুলনায় যথেষ্ট নয় বলে তিনি স্বীকার করেন। তাঁর ভাষ্য, ফ্রিজ দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনও অঙ্গীকার করেছে।
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, হলের শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ফ্রিজ দেওয়ায় তিনি দায়িত্বশীলদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকার আশা করেন।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, রাকসুর নেতারা, হল সংসদের প্রতিনিধি এবং রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসানসহ সংগঠনটির দায়িত্বশীলেরা উপস্থিত ছিলেন।