টেকসই নগরায়ণের লক্ষ্যে দেশের প্রতিটি সিটি করপোরেশন ও জেলার জন্য মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, সরকারের লক্ষ্য কেন্দ্রীভূত নগরায়ণ নয়, বরং বিকেন্দ্রীকৃত ও সুষম নগর এবং আঞ্চলিক উন্নয়ন নিশ্চিত করা।
আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় স্থাপত্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২৬ উপলক্ষে ‘বাংলাদেশে ইউনিফর্ম স্পটিয়াল প্ল্যানিং সিস্টেম প্রবর্তন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। সেমিনারটির আয়োজক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তর (ইউডিডি)।
মন্ত্রী বলেন, বাসস্থান মানে শুধু চার দেয়াল নয়; এর সঙ্গে জড়িয়ে আছে নিরাপদ পানি, বিদ্যুৎ, স্যানিটেশন, গণপরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবনের পরিবেশ। ঢাকার চারপাশে সেকেন্ডারি টাউনশিপ গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি নগর উন্নয়ন অধিদপ্তর প্রথমবারের মতো ১০ বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে। মেট্রোপলিটন শহর থেকে শুরু করে ধাপে ধাপে উপজেলা পর্যায় পর্যন্ত এ পরিকল্পনা সম্প্রসারিত করা হবে বলে জানান তিনি।
সেমিনারে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিভিন্ন সংস্থার পরিকল্পনা-সংক্রান্ত তথ্যের ফরম্যাটে ভিন্নতা রয়েছে। এর ফলে এসডিজি ট্র্যাকারে পরিকল্পনা-সংক্রান্ত তথ্য সন্নিবেশ জটিল হচ্ছে এবং জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সরকারি কাজের এখতিয়ারের পুনরাবৃত্তি দেখা দিচ্ছে। এ সংকট নিরসনে নগর উন্নয়ন অধিদপ্তর সমন্বিত স্থানিক পরিকল্পনা ব্যবস্থার প্রস্তাব তৈরি করেছে। প্রস্তাবিত ব্যবস্থা সব সংস্থার জরিপের ধরন, তথ্যের মান, মানচিত্রের স্কেল, ভূমি ব্যবহারের শ্রেণি ও অনুমোদন প্রক্রিয়ায় অভিন্নতা আনবে বলে জানানো হয়।
অধিদপ্তর ২০৩৫ সালের মধ্যে জাতীয় পর্যায়ে এবং দেশের সব জেলার জন্য স্থানিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্য নির্ধারণ করেছে।