স্থানীয় সরকার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও ২০২৭ সালের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, এমন ঘোষণায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা প্রতিদিন গ্রামে উঠানবৈঠক, গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন বিএনপি দলীয়ভাবে চেয়ারম্যান ও সদস্য পদে মনোনয়ন না দিলেও স্থানীয়ভাবে জনপ্রিয় ও দলের জন্য ত্যাগ স্বীকারকারী নেতাদের মধ্য থেকে একক প্রার্থীকে সমর্থন দেওয়ার আলোচনা চলছে।
১ নম্বর বাগজানা ইউনিয়নে জামায়াতের চূড়ান্ত প্রার্থী ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি এবাদত হোসেন। বিএনপির সমর্থন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হকও মাঠে আছেন; স্থানীয়ভাবে আলোচনা আছে, জেলা ও উপজেলা নেতাদের সমর্থনে তিনি এগিয়ে। ২ নম্বর ধরঞ্জী ইউনিয়নে জামায়াতের ইউনিয়ন আমির সাজেদুর রহমান সরকার প্রচার চালাচ্ছেন, বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীসহ কয়েকজনের নাম শোনা যাচ্ছে।
৩ নম্বর আয়মারসুলপুর ইউনিয়নে জামায়াত পাঁচবিবি পৌর আমির মাওলানা আবুল বাশারকে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে; বিএনপি থেকে পাঁচজনের নাম আলোচনায়। ৪ নম্বর বালিঘাটা ইউনিয়নে জামায়াতের প্রার্থী ইউনিয়ন সেক্রেটারি নূরুল বক্স মণ্ডল, আর বিএনপির পক্ষ থেকে উপজেলা সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমসহ কয়েকজন মাঠে আছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় থাকলেও ভোটারদের মধ্যে ইতিমধ্যে প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে।