যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দলটির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ ব্যবস্থাপক ন্যান্সি বাউহার্স্ট এক ই-মেইলে এ তথ্য জানিয়েছেন।
গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার হাই রোডের একটি ভেন্যুতে নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে গাছের ডাল দিয়ে এনসিপির নেতা-কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ওই দিন রাত ৯টা ৫৯ মিনিটে হাই রোডে বিশৃঙ্খলার খবর পায় তারা, যেখানে প্রায় ৫০ জন পুরুষ জড়িত ছিলেন। তাঁদের কয়েকজন সহিংসতায় জড়িয়ে পড়েন, বিভিন্ন বস্তু ছুড়ে মারেন এবং সম্পত্তির ক্ষতি করেন। পুলিশ পৌঁছালে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়; পুলিশের ভাষ্য, তাঁদের আঘাত গুরুতর ছিল না।
সংঘর্ষে জড়িতদের শনাক্ত করতে ব্যাপকভাবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনাসহ তদন্ত চালায় পুলিশ। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে ২৩, ২৪, ২৫, ৩১, ৩৮ ও ৪৯ বছর বয়সী ছয়জনকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্যের ১৯৮৬ সালের জনশৃঙ্খলা আইনের (পাবলিক অর্ডার অ্যাক্ট) ২ নম্বর ধারায় সহিংস বিশৃঙ্খলায় জড়িত থাকার সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে পুলিশ কোনো তথ্য জানায়নি।
তদন্তের নেতৃত্বে থাকা ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভ মালকাহি বলেন, এই সহিংস বিশৃঙ্খলা এলাকার বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং অনেকে বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছিলেন।