জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী শনিবার (২৮ নভেম্বর) ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার ঢাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি জানান, রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকালে সম্মিলনটি হবে। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
উপাচার্য বলেন, উচ্চশিক্ষাকে আধুনিক, যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার লক্ষ্যে এই আয়োজন। সম্মিলনে শিক্ষার মানোন্নয়ন, কারিকুলাম সংস্কার ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় বাড়ানো এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হবে।
উপাচার্য জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দুই হাজার ৩১৮টি কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় ৭০ শতাংশ এসব প্রতিষ্ঠানের।