বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

নামকরা ব্র্যান্ডের নাম ব্যবহার করে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া গিজার বিক্রি: যাত্রাবাড়ীতে ২ লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উত্তর যাত্রাবাড়ীর একটি প্রতিষ্ঠানে অবৈধ গিজার উৎপাদনের প্রমাণ মেলে।

প্রতিষ্ঠিত দুটি ব্র্যান্ডের নাম ব্যবহার করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) লাইসেন্স ছাড়াই নিম্নমানের গিজার উৎপাদন ও বাজারজাত করার দায়ে রাজধানীর একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করেছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাজধানীর উত্তর যাত্রাবাড়ীর ‘১০ এমএম বিআরবি গিজার’ নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম। অভিযানে প্রসিকিউটিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) ফারদিন ইসলাম ও পরীক্ষক (মেট্রোলজি) শিখন সাহা।

এ-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ সিএম লাইসেন্স ছাড়াই অবৈধভাবে গিজার উৎপাদন ও বিক্রি করে আসছিল এবং দেশের দুটি সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিল। অনিয়মের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন ও কারখানা সিলগালা করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনদের ৩৩৫টি পণ্যের মধ্যে গিজার অন্যতম; এ পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের জন্য সনদ নেওয়া বাধ্যতামূলক। লাইসেন্স বা অনুমোদন ছাড়া বাজারজাত করা হলে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি থেকে বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, আগুন লাগা, গরম পানিতে দগ্ধ হওয়া কিংবা পানির ট্যাংক ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। তাই গিজার কেনার সময় বৈদ্যুতিক সুরক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও পানির চাপ সহ্য করার ক্ষমতা মান অনুযায়ী পরীক্ষিত কি না, তা যাচাই করা জরুরি।

মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এবং বিএসটিআইয়ের মানচিহ্নের অবৈধ ব্যবহার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।