রাজধানীতে মঙ্গলবার রাতে চারটি বাসে আগুন দেওয়া ও ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১২টার মধ্যে পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরায় বাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশের পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আশরাফুল ইসলাম জানান, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্ক করা একটি বাসে আগুন দেওয়া হয়। বাসে যাত্রী ছিলেন না। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে থানা-পুলিশ আটক করেছে। রাত ৯টা ২০ মিনিটের দিকে মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনে গুলশান থেকে আসা একটি বাসে পেছন থেকে আগুন দেওয়া হয়। গুলশান অঞ্চলের সহকারী কমিশনার মুহাম্মদ জাহিদ হাসান জানান, স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন, পরে ফায়ার সার্ভিস আসে।
রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন দেওয়া হয়। বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন জানান, যাত্রী সেজে দুজন বাসে উঠে আগুন দিয়ে পালিয়ে যান। রাত সোয়া ১১টার দিকে রামপুরা ব্রিজের আগে চলন্ত একটি বাসে আগুন দেওয়া হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বাসে যাত্রী থাকলেও সবাই নিরাপদে নামতে পেরেছেন।
এ ছাড়া সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে মোহাম্মদপুর, যাত্রাবাড়ীসহ ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটে। মোহাম্মদপুরের কৃষি মার্কেটের সামনে মোটরসাইকেলে এসে দুজন ককটেল ছুড়ে পালিয়ে যান। আসাদগেট, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়-সংলগ্ন সড়ক, বছিলা এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশেও ককটেল ফাটানো হয়। শ্যামলী থেকে একজনকে আটক করে বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পুলিশের কাছে হস্তান্তর করেন। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদপুর থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে, তাঁদের একজন ছাত্রলীগ নেতা। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ১৬ নভেম্বর পর্যন্ত ১০ দিনে দেশের বিভিন্ন স্থানে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগ ও ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেওয়া নানা কর্মসূচিকে ঘিরে এসব ঘটনা ঘটছে।