রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বাংলাদেশে ফুটবল একাডেমি গড়তে চায় আর্জেন্টিনার এএফএ ইন্টারন্যাশনাল, জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখল প্রতিনিধিদল

তিন সদস্যের দলটি জানিয়েছে, ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করতে চায় তারা; তবে একাডেমির পরিকল্পনা এখনো প্রাথমিক পর্যায়ে।

বাংলাদেশে ফুটবল প্রশিক্ষণ চালু করতে এবং একটি ফুটবল একাডেমি গড়ে তুলতে আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনার এএফএ ইন্টারন্যাশনাল। শনিবার বৃষ্টিবিঘ্নিত দুপুরে জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসে সংস্থাটির তিন সদস্যের একটি প্রতিনিধিদল।

দলে ছিলেন এএফএ ইন্টারন্যাশনালের কমার্শিয়াল ডিরেক্টর মারিও মার্টিন তুলা, মেথডোলজি কো-অর্ডিনেটর নিকোলাস এবং ভারতে এএফএ একাডেমির কোচ ও স্পোর্টস ম্যানেজার অ্যালেক্স। তুলা জানান, আর্জেন্টিনা ফুটবলের পরিকল্পনার অংশ হিসেবে তাঁরা এশিয়া সফরে বেরিয়েছেন; ভারত ঘুরে বাংলাদেশে এসেছেন। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের সমর্থনের জন্য তাঁরা কৃতজ্ঞতা জানান।

তুলা বলেন, ফুটবল ফেডারেশন ও বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে মিলে কাজ করতে চান তাঁরা। তবে বাংলাদেশে একাডেমি গড়ার পরিকল্পনা এখনো প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে এবং পুরো বিষয়টি নির্ভর করছে স্থানীয় বিনিয়োগকারীদের আগ্রহের ওপর। জাতীয় স্টেডিয়ামের মাঠ ও পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, স্টেডিয়ামটি বেশ আধুনিক মনে হয়েছে এবং এখানে অলিম্পিক কিংবা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করা সম্ভব।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ করিম জানান, আর্জেন্টিনার প্রতিনিধিদল ঢাকায় একটি সেমিনারে অংশ নেবে এবং একটি ফুটবল ক্লিনিকও করবে। একাডেমি গড়ে তোলার বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে তিনিও জানান।