ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এবং কোম্পানি সচিব পদে নিয়োগের যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
অভিজ্ঞতার শর্ত
নির্দেশনা অনুযায়ী, ১ হাজার কোটি টাকার বেশি সম্পদ আছে এমন প্রতিষ্ঠানে সিএফও নিয়োগে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা লাগবে; এর অন্তত তিন বছর হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে। ১ হাজার কোটি টাকার কম সম্পদের প্রতিষ্ঠানে লাগবে আট বছরের অভিজ্ঞতা, যার মধ্যেও তিন বছর হিসাবায়ন ও করসংক্রান্ত কাজের হতে হবে। সিএফও পদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর অথবা ফাইন্যান্স, হিসাববিজ্ঞান ও ব্যাংকিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
সিটিও পদে তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা প্রয়োজন, যার অন্তত পাঁচ বছর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও চাওয়া হয়েছে।
কোম্পানি সচিবের ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আট বছরের অভিজ্ঞতা লাগবে, যার অন্তত চার বছর বোর্ড সচিবালয় বা কমপ্লায়েন্স কার্যক্রমে। বিকল্প হিসেবে তালিকাভুক্ত কোম্পানিতে কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে অন্তত তিন বছরের অভিজ্ঞতা গ্রহণযোগ্য হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রি এবং যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি লাগবে।
সততা ও স্বার্থের সংঘাত
সার্কুলারে বলা হয়েছে, অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত সততা ও আর্থিক অবস্থাও বিবেচনায় নিতে হবে। ফৌজদারি অপরাধে দণ্ডিত, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান লঙ্ঘনে শাস্তিপ্রাপ্ত এবং অর্থ পাচার, দুর্নীতি বা জালিয়াতির কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত ব্যক্তি এসব পদে নিয়োগ পাবেন না। আদালত কর্তৃক দেউলিয়া বা ঋণখেলাপি ঘোষিত ব্যক্তিও অযোগ্য। নিয়োগ পাওয়া কর্মকর্তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট কোনো ব্যবসায়িক সম্পর্কও থাকা যাবে না।