মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

কুমিল্লা ইপিজেডের বর্জ্যে গোমতী নদীর দূষণে পাঁচ হাজার পরিবার ঘরছাড়া: সংসদে সরকারদলীয় এমপির অভিযোগ

সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ইপিজেডের শিল্পবর্জ্য ও অবৈধ মাটি-বালু উত্তোলনের তদন্ত দাবি করেছেন; পানিসম্পদমন্ত্রী নজরদারির উদ্যোগের কথা জানিয়েছেন।

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) শিল্পবর্জ্যে গোমতী নদী ও আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সোমবার সংসদে বক্তব্যে তিনি বলেন, এই দূষণের কারণে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের পাঁচ হাজার পরিবার ঘরছাড়া হয়েছে।

বিএনপির এই সংসদ সদস্য জানান, গোমতী নদী ও নদীর দুই পাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতি হচ্ছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের পাশাপাশি নদী ও খাল ভরাট হয়ে যাওয়ায় পানিনিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। তাঁর ভাষ্য, ইপিজেডের বর্জ্য স্থানীয় খালে ফেলা হচ্ছে। এতে জলাশয়ের মাছ ও অন্যান্য প্রাণী বিলুপ্ত হচ্ছে এবং কৃষিকাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

দূষণের কারণে এলাকার মানুষ ক্যানসারে আক্রান্ত হচ্ছেন বলেও অভিযোগ করেন মনিরুল হক চৌধুরী। ইপিজেডের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে রাজনৈতিক প্রভাব ও অর্থ লেনদেনের অভিযোগও তুলেছেন তিনি। তাঁর দাবি, ক্ষমতাশালীদের অর্থ দিলে অপরিশোধিত বর্জ্য খালে ফেলার সুযোগ মেলে। এসব অভিযোগের তদন্ত চেয়ে তিনি বলেন, ‘আমার কথা মিথ্যা হলে আমি সংসদ থেকে পদত্যাগ করব।’

সংসদ সদস্যের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর একাধিকবার প্রতিবেদন দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, ক্ষতিপূরণের আদেশও বাস্তবায়িত হয়নি। কুমিল্লা, নোয়াখালী ও আশপাশের এলাকার জলাবদ্ধতা দূর করতে নদী ও খাল পুনঃখনন এবং বর্জ্যদূষণ বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

জবাবে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী বলেন, গোমতী নদীর নাব্য কমে যাওয়া, অবৈধ মাটি উত্তোলন ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ক্ষতির বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। তাঁর মতে, শুধু নদী খনন করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না; অবৈধ মাটি ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা নিতে হবে।

মন্ত্রী জানান, এ জন্য নদীর সীমানা নির্ধারণ, নিয়মিত অভিযান এবং স্যাটেলাইট ছবি ও ড্রোনের মাধ্যমে নজরদারির উদ্যোগ রয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুর, নোয়াখালী ও কুমিল্লা জেলার সমন্বিত নদী, বন্যা ও পানি ব্যবস্থাপনা নিয়ে একটি সম্ভাব্যতা সমীক্ষা চলছে বলেও জানান তিনি।