চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড এবং ৪৩ লাখ পরিবারকে কৃষক কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে উপজেলা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করেছেন, তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী। নির্বাচনের আগে সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ইতিমধ্যে দেবীগঞ্জের প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জন্য সমীক্ষা শুরু হয়েছে। কয়েকটি ইউনিয়নে কৃষক কার্ডের কার্যক্রমও শুরু হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে ১৩টি করে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবকে সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে পাঁচটি করে মন্দিরের পূজারি ও সেবককে সরকারি ভাতা দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মন্দিরের পুরোহিত ও সেবকেরা এই সম্মানী ভাতার আওতায় আসবেন।
নদী ও খাল পুনঃখননের প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয় ও খাল পুনঃখননের ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে নদীমাতৃক বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে আনার পাশাপাশি দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা হবে। ভবিষ্যতে বাংলাদেশ যেন খাদ্য রপ্তানি করতে পারে, সে লক্ষ্যেও সরকার এগোবে বলে তিনি উল্লেখ করেন।
কর্মসংস্থান নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার গঠন করলে বেকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। দেবীগঞ্জের করতোয়া নদীর পাশে প্রায় ২০০ একর খাসজমি প্রধানমন্ত্রী পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।