বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সার না পেয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করলেন হাতীবান্ধার কৃষকেরা, দুই ঘণ্টা পর প্রত্যাহার

পাটিকাপাড়া ইউনিয়নে মঙ্গলবার সকালে অবরোধে বুড়িমারী স্থলবন্দরগামী যানবাহন আটকা পড়ে; ইউএনওর আশ্বাসে কর্মসূচি তুলে নেন কৃষকেরা।

সময়মতো সার না পাওয়ার অভিযোগে লালমনিরহাটের হাতীবান্ধায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে মনির হাট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রশাসনের আশ্বাসে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন তাঁরা।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে বুড়িমারী স্থলবন্দরগামী ও বন্দর থেকে ফেরত আসা যানবাহন আটকা পড়ে। সড়কের দুই প্রান্তে প্রায় এক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। পণ্যবাহী ট্রাকের চালক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

কৃষকেরা জানান, চলতি মৌসুমে আলু, ভুট্টা, গম, বাদাম, পেঁয়াজ ও রসুন চাষের প্রস্তুতি চলছে। এ সময় চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় আবাদ ব্যাহত হচ্ছে। অনেককে বাধ্য হয়ে খোলাবাজার থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে, ফলে উৎপাদন খরচ বাড়ছে।

উত্তর পারুলিয়ার কৃষক মনিরুজ্জামান বলেন, আট একর জমিতে আলু চাষের জন্য প্রয়োজনীয় সার তিনি পাননি, তাই বেশি দামে খোলাবাজার থেকে সংগ্রহ করতে হচ্ছে। কৃষক আব্দুস সাত্তার জানান, তাঁর কৃষি কার্ড না থাকায় নির্ধারিত পদ্ধতিতে সার নিতে পারছেন না।

খবর পেয়ে ঘটনাস্থলে যান হাতীবান্ধার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। তিনি কৃষকদের সঙ্গে কথা বলে কৃষি কার্ড জমা নিয়ে প্রত্যেককে এক বস্তা করে সার দেওয়ার আশ্বাস দেন। এরপর কৃষকেরা অবরোধ প্রত্যাহার করেন। ইউএনও দীপ জন মিত্র বলেন, উপজেলায় সারের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।