রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন জানিয়েছেন, আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে এই সরবরাহ শুরু করা হয়।
এর আগে গত মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছিল। পরে সেটি কমিয়ে ৩০০ মেগাওয়াটে নামানো হয়। টানা ৮ ঘণ্টা ৩৪ মিনিট বিদ্যুৎ সরবরাহের পর কেন্দ্রটি থেকে সরবরাহ বন্ধ করা হয়।
বিদ্যুৎকেন্দ্র সূত্র জানিয়েছে, পরীক্ষামূলক সরবরাহের সময় টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বাড়ানো হবে।
উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। পরীক্ষা শেষে প্রাপ্ত ফলাফলের প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেবে রূপপুর কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, শুরুর পর টানা কয়েক মাস পরীক্ষামূলক উৎপাদন চলতে পারে। কেন্দ্র সূত্রের তথ্য অনুযায়ী, পরীক্ষামূলক পর্যায়ে গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না; প্রথম ইউনিট সাময়িক বন্ধ রাখা এবং সরবরাহের ওঠানামা এ পর্যায়ের অংশ।
গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হয়েছে বলে কর্মকর্তারা জানান। প্রকল্পটির মেয়াদ দুই দফা বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে।