মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁকে হয়তো ইরানের বাকি অংশও ধ্বংস করে দিতে হতে পারে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই হুঁশিয়ারি দেন। পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ‘শিগগিরই’ জানা যাবে বলেও জানান তিনি, তবে বিস্তারিত কিছু বলেননি।
ট্রাম্প বলেন, ‘এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি আরও সামনে এগোব এবং বিষয়টি পুরোপুরি নিশ্চিত করব? অর্থাৎ, যাতে এটি আর কখনো ঘটতে না পারে, সেটি নিশ্চিত করব?’ এরপর তিনি বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতে হতে পারে। আর আপনারা শিগগিরই জানতে পারবেন।’
ট্রাম্পের ধারণা, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ইরানের অন্তত ২৫ বছর সময় লাগতে পারে। এই যুদ্ধের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি।
ইরান তার পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর রয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।’ তবে প্রস্তাবের বিষয়বস্তু কিংবা যুক্তরাষ্ট্রের অনুমোদনের ধরন সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দেননি।
ট্রাম্পের এই বক্তব্যে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া হয়নি। সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা কেমন হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।