সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

জামালপুরের মাদারগঞ্জে ভাঙারির দোকানে নতুন সরকারি পাঠ্যবই বিক্রির অভিযোগ, মাদরাসার সুপারকে আটক করল স্থানীয় যুবকেরা

শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ ২০২৬ শিক্ষাবর্ষের তিন বস্তা বই ভ্যানে নেওয়ার সময় ধরা পড়ে; তদন্তের কথা জানিয়েছে উপজেলা শিক্ষা কার্যালয়।

জামালপুরের মাদারগঞ্জে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ ২০২৬ শিক্ষাবর্ষের নতুন সরকারি পাঠ্যবই ভাঙারির দোকানে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফাজিলপুর বালিকা দাখিল মাদরাসার সুপার জয়নাল আবেদীনকে আটক করেছেন স্থানীয় যুবকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার ফাজিলপুর এলাকায় ঘটনাটি ঘটে। মাদরাসার সুপার তিন বস্তা নতুন পাঠ্যবই ভ্যানে করে তেঘরিয়া এলাকার এক ভাঙারি ব্যবসায়ীর কাছে নিয়ে যাচ্ছিলেন। সে সময় কয়েকজন যুবক ভ্যানটি থামিয়ে বইগুলো দেখতে পান। পরে তাঁরা সুপারকে আটক করেন।

স্থানীয় যুবক জিহাদ বলেন, বইগুলো কোথায় নেওয়া হচ্ছে জানতে চাইলে সুপার জানান, বই বেশি হয়েছে; সেগুলো বিক্রি করে মাদরাসার উন্নয়ন কাজে অর্থ ব্যয় করবেন। ভাঙারি ব্যবসায়ী লোকমান জানান, সুপার তাঁর কাছে বই বিক্রির কথা বললে তিনি ভ্যান পাঠিয়ে তিন বস্তা বই আনান। বইগুলোর ওজন আনুমানিক ১০০ কেজি। বস্তা খুলে তিনি দেখেন, সবই ২০২৬ শিক্ষাবর্ষের নতুন সরকারি পাঠ্যবই।

ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। অভিযুক্ত সুপার জয়নাল আবেদীনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন, বিষয়টি তিনি সাংবাদিকের মাধ্যমে জেনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।