আদালতে হাজিরা শেষে গাজীপুরের পথে পালিয়েছে ২৫ মামলার আসামি 'পিচ্চি রাজা'
রবিবার রাতে প্রাকৃতিক কাজের কথা বলে শৌচাগার থেকে কৌশলে পালিয়ে যায় আলোচিত এই মাদক কারবারি।
ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনার পথে এক আসামি পালানোর ঘটনা ঘটেছে। পুলিশের তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া এই আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ প্রায় ২৫টি মামলা রয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম জানান, রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আসামি পলায়নের এই ঘটনা ঘটে। পলায়নকৃত আসামি রাজা ওরফে পিচ্চি রাজা, যার বাবার নাম মোতালেব। সে ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করতো।
জানা গেছে, আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে ঢাকা মেট্টোপলিটন আদালতে হাজিরার জন্য সকালে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে তাকে পুনরায় প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ ফেরত আনা হচ্ছিল।
পথে প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে রাজা প্রাকৃতিক কাজ সারতে শৌচাগারে যাওয়ার কথা বলে। পরে আনা-নেওয়ার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সে সেখান থেকে কৌশলে পালিয়ে যায়।
ঢাকা মেট্টোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। সে তার স্ত্রী ও শ্যালকের সঙ্গে নেপাল থেকে দেশে ফেরার পর পুলিশ বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেয়। রাজা ওরফে পিচ্চি রাজার বিরুদ্ধে ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।