শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা-প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই

দীর্ঘদিন ক্যানসার ও কিডনি জটিলতায় ভোগা নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু ৫৬ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকু আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত ১২টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৬ বছর।

পরিবারের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সংস্কৃতিকর্মী এরশাদুল হক। তিনি জানান, শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় মাতিয়া বানু শুকুকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান।

দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন মাতিয়া বানু শুকু। পাশাপাশি কিডনির জটিলতাও ছিল। ২১ নভেম্বর অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। তখন তাঁর শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ায় প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার পর্যন্ত অক্সিজেন দিতে হচ্ছিল। শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় চিকিৎসকেরা তাঁর পরবর্তী চিকিৎসা ও লাইফ সাপোর্টের বিষয়ে আলোচনা করেছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক। দুই দশকের বেশি সময় ধরে তিনি নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। নাট্যকার ও পরিচালক হিসেবে তাঁর কাজে মধ্যবিত্তের জীবন, সম্পর্ক ও সমাজবাস্তবতার নানা দিক উঠে এসেছে।

তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক। এ ছাড়া ‘টু-লেট’ ও ‘একটা কিনলে আরেকটা ফ্রি’ তাঁর উল্লেখযোগ্য কাজের তালিকায় রয়েছে। চলচ্চিত্র প্রযোজক হিসেবেও তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। ২০২১ সালে নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

দীর্ঘদিন ধরে তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবার আর্থিক সংকটে পড়েছিল। এ কারণে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতা চেয়েছিলেন তাঁর স্বামী। সম্প্রতি তাঁর চিকিৎসায় সহায়তার জন্য ২৮ নভেম্বর একটি টেলিভিশন চ্যানেলে নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’-এর বিশেষ প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছিল। ছবিটির বিশেষ প্রদর্শনী থেকে পাওয়া বিজ্ঞাপন আয়ের পুরো অর্থ তাঁর চিকিৎসায় ব্যয় করার কথা ছিল। তবে সেই উদ্যোগের আগেই তিনি না-ফেরার দেশে চলে গেলেন।