সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান রাকিবের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ছড়ানোর ঘটনায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এই আদেশ দেন। পুলিশ রাত ৯টার দিকে আসামি রাকিবুলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন জানায়। এ সময় আসামিপক্ষের আইনজীবী মোরশেদ হোসেন শাহিন রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, রাকিবুল হাসান ক্যান্টনমেন্ট থানার ওসি থাকা অবস্থায় গত ১৬ সেপ্টেম্বর রাতে একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিভিন্ন মাধ্যমে প্রচারিত ওই অডিওতে একজন ব্যক্তিকে পুলিশের সক্ষমতা, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অবস্থান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কথা বলতে শোনা যায়। অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়: রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। এছাড়াও ওই ব্যক্তিকে বলতে শোনা যায়: শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না। অডিওতে আরও শোনা যায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে পড়ছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা সে অবস্থানে নেই।