শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

আমিরাতি রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলল সোমালিয়া, আবুধাবি থেকে নিজ রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিচ্ছে মোগাদিশু

সোমালিয়া সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে; আমিরাত সোমালিয়ার সার্বভৌমত্বের বিরুদ্ধে ‘প্রকাশ্য আগ্রাসন’ চালাচ্ছে বলে অভিযোগ মোগাদিশুর।

সোমালিয়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আবুধাবিতে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার মোগাদিশুতে সংবাদ সম্মেলনে সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিফাতাহ কাসিম মোহামুদ এ ঘোষণা দেন।

তথ্যমন্ত্রী বলেন, সোমালি জনগণের সার্বভৌমত্ব, নিরাপত্তা, ভূমি ও ঐক্যের বিরুদ্ধে আমিরাত ‘প্রকাশ্য আগ্রাসন’ চালাচ্ছে। তিনি সব সোমালিকে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বলেন, আমিরাতের এই কার্যক্রমে যারা সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে এই সিদ্ধান্ত, তা তিনি বিস্তারিত বলেননি।

সোমালিয়ার মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রিসভা পররাষ্ট্র মন্ত্রণালয়কে আবুধাবিতে সোমালিয়ার রাষ্ট্রদূতকে পরামর্শের জন্য ফেরত আনা এবং সোমালিয়ায় আমিরাতের রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার বিষয়ে অবহিত করার নির্দেশ দেয়।

আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ এক্স-এ দেওয়া পোস্টে মন্তব্যগুলোকে ‘আক্রমণ’ বলে নিন্দা জানান। তাঁর দাবি, এটি সোমালি প্রেসিডেন্টের অবস্থান ও নীতির পরিবর্তনশীল প্রকৃতি প্রকাশ করে।

এর আগে মঙ্গলবার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ আমিরাতের বিরুদ্ধে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ আনেন। টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি অভিযোগ করেন, আমিরাত সরকারের অনুমোদন ছাড়াই মোগাদিশুর বাইরে সামরিক ঘাঁটিসহ উপস্থিতি গড়ে তুলেছে এবং সশস্ত্র গোষ্ঠী ও কেন্দ্রীয় সরকারের বিরোধীদের অর্থায়ন করছে। আমিরাত এসব অভিযোগ অস্বীকার করেছে।

চলতি বছরের জানুয়ারিতে সোমালিয়া বন্দর, সরকারি প্রতিষ্ঠান, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাসংক্রান্ত আমিরাতের সঙ্গে সব চুক্তি বাতিল করে। দেশটি আমিরাতের সামরিক ও কার্গো বিমানের জন্য আকাশসীমাও বন্ধ করেছে। বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডের প্রতি আমিরাতের সমর্থন নিয়েও দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে।