বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

শিবপুরে স্থাপনার নামফলকে বিভাগীয় কমিশনারের স্ত্রীর নাম, সমালোচনার মুখে উদ্বোধন না করেই ফিরলেন কমিশনার

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদে চেয়ারম্যানের প্রথম গাড়ি সংরক্ষণের স্থাপনার ফলকে নাম থাকা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হয়; ইউএনও একে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলছেন।

নরসিংদীর শিবপুর উপজেলায় একটি সরকারি স্থাপনা উদ্বোধনের নামফলকে ঢাকা বিভাগীয় কমিশনারের নামের পাশাপাশি তাঁর স্ত্রীর নাম থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। পরে স্থাপনাটি উদ্বোধন না করে অন্য কয়েকটি কর্মসূচিতে অংশ নেন বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা পরিষদে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসনের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের জন্য বরাদ্দ হওয়া প্রথম গাড়িটি দীর্ঘদিন ধরে উপজেলা কমপ্লেক্সে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। স্মারক হিসেবে সেটি সংরক্ষণের উদ্যোগ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াসমিন। এ জন্য একটি টিনশেড স্থাপনা নির্মাণ করা হয়। মঙ্গলবার দুপুরে স্থাপনাটি উদ্বোধন ও আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে সস্ত্রীক উপজেলা কমপ্লেক্সে পৌঁছান বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে সকালে নামফলকের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফলকে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া ও নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহানের নামের পাশাপাশি বিভাগীয় কমিশনারের সহধর্মিণী সোনিয়া হালিমের নামও ছিল। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিভাগীয় কমিশনার স্থাপনাটি উদ্বোধন করেননি। তিনি ভিক্ষাবৃত্তি করা একজনকে মুদিদোকান উপহার, ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

ইউএনও ফারজানা ইয়াসমিন বলেন, ‘ভুলক্রমে বিভাগীয় কমিশনার স্যারের স্ত্রীর নাম নামফলকে ছিল। অন্য জায়গায় নামটি ব্যবহারের কথা থাকলেও নামফলক তৈরির দায়িত্বে থাকা কর্মচারী সেখানেও নামটি রেখে দেন। এটি অবশ্যই অনিচ্ছাকৃত ছিল, তা আমাদের চোখে পড়েনি। ওই নামফলক সরিয়ে ফেলা হয়েছে।’

তিনি আরও বলেন, গাড়িটি জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল; ঐতিহ্য বিবেচনায় সংরক্ষণের স্বার্থে সেটি রং করিয়ে শেডের নিচে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে নামের ভুলে ঘটনাটি এত দূর গড়াবে, তা তাঁরা বুঝতে পারেননি।