এল নিনো দুর্যোগ তহবিল: জাতিসংঘের ২২২ মিলিয়ন ডলারের আবেদনে সাড়া দেয়নি বিশ্ব
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে, ২২টি উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশে খাদ্য সংকট মোকাবিলায় তহবিলের মাত্র এক-পঞ্চমাংশ পাওয়া গেছে।
এল নিনোর কারণে ২২টি উচ্চ-ঝুঁকিপূর্ণ দেশে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবিলায় জাতিসংঘের অনুরোধ করা ২০২ মিলিয়ন ডলারের তহবিলের একটি ক্ষুদ্র অংশই পাওয়া গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জরুরি ও স্থিতিস্থাপকতা বিষয়ক পরিচালক রেইন পলসেন গত শুক্রবার এএফপিকে এই তহবিল ঘাটতির কথা জানিয়েছেন।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এবং এফএও গত জুনে প্রায় নব্বই লাখ মানুষের সহায়তার জন্য ২০২ মিলিয়ন ডলারের আবেদন করেছিল। তবে এ পর্যন্ত তারা মাত্র ৪০ মিলিয়ন ডলার পেয়েছে। রেইন পলসেন বলেছেন, “আমাদের কাছে আগাম সতর্কতা রয়েছে এবং প্রয়োজনীয়তাও আমরা বুঝি। কিন্তু তহবিল একটি বড় চ্যালেঞ্জ, যা বন্যা বা খরার প্রভাব কমানোর আমাদের সক্ষমতাকে সীমাবদ্ধ করছে।” তিনি আরও বলেন, এই তহবিল সংকট পরবর্তীতে আরও ব্যয়বহুল মানবিক প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা তৈরি করবে।
প্রাকৃতিক উষ্ণতা সৃষ্টিকারী এই এল নিনো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানব সৃষ্ট প্রভাবকে আরও বাড়িয়ে তুলছে এবং রেকর্ডের মধ্যে সবচেয়ে শক্তিশালী হতে চলেছে। এ কারণে সৃষ্ট খরা ও বন্যা অনেক দেশকে কঠিনভাবে আঘাত করতে পারে, যারা ইতোমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে।
জাতিসংঘ এই সপ্তাহে জানিয়েছে যে, শুধুমাত্র সোমালিয়াতেই লাখ লাখ মানুষ ইতোমধ্যে উচ্চ মাত্রার ক্ষুধায় ভুগছে এবং এল নিনোর প্রভাবে শিশুদের তীব্র অপুষ্টি আরও খারাপ হবে। বুধবারের বৈজ্ঞানিক পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা বাড়ার কারণে বর্তমান এল নিনো ঘটনাটি ফেব্রুয়ারির মধ্যে বিশ্বজুড়ে অতিরিক্ত ৪,৫১,০০০ মৃত্যুর কারণ হতে পারে।
রেইন পলসেন বিশেষভাবে উল্লেখ করেছেন, “আফ্রিকা নিঃসন্দেহে এই এল নিনোর প্রভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।” এটি সংঘাত, বাস্তুচ্যুতি এবং উচ্চ মাত্রার অপুষ্টির কারণে আফ্রিকার বিভিন্ন দেশে চলমান ভয়াবহ পরিস্থিতিকে আরও খারাপ করবে। উদাহরণস্বরূপ, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল আগস্ট মাসে জানিয়েছে যে, সোমালিয়ায় ৬০ লাখ মানুষ খাদ্য সংকটের মুখোমুখি। চলতি বছর শুধু খরাতেই সোমালিয়ায় ৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং সব মিলিয়ে ৭ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।