বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আবরার, বিশ্বজিৎ ও সিনহা হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে: সংসদে আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পর্যায়ক্রমে শুনানি শুরু হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বহুল আলোচিত আবরার ফাহাদ, বিশ্বজিৎ দাস এবং মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আপিল শুনানি আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পর্যায়ক্রমে শুরু হচ্ছে। মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সংসদে বক্তব্যে আইনমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার বলে আসছে—যত বাধা আসুক, ন্যায়বিচারের পথেই হাঁটা হবে। গত ১৬-১৭ বছরে যাঁরা জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন কিংবা রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের প্রতি সরকারের দায়বদ্ধতা।

আলোচিত মামলাগুলোর অগ্রগতি তুলে ধরে মন্ত্রী জানান, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত প্রক্রিয়াও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। এ ছাড়া জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করার জন্য প্রয়োজনীয় টিম পাঠানো হবে বলেও তিনি সংসদকে জানান।

বক্তব্যের শুরুতে আইনমন্ত্রী চলতি বছরের ১৯ মে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার দ্রুত নিষ্পত্তির দৃষ্টান্ত তুলে ধরেন। তিনি জানান, মামলা দায়েরের আগেই ১৯ মে পুলিশ প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করে। ২০ মে মামলা হওয়ার পর চার দিনের মাথায় ২৪ মে অভিযোগপত্র দেওয়া হয় এবং ১৭ জুন রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

বক্তব্যের শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠার এই যাত্রায় বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতা চান আইনমন্ত্রী। একই অধিবেশনে সংসদ সদস্য নাজিবুর রহমান সুপ্রিম কোর্টের এক আইনজীবীর ওপর হামলার বিষয়টি তুললে মন্ত্রী প্রতিশ্রুতি দেন, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।