সড়ক দুর্ঘটনায় একসঙ্গে পুরো পরিবার বা এক পরিবারের একাধিক সদস্য নিহত হওয়ার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন। সংগঠনটির হিসাবে, গত ছয় বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।
রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি এ তথ্য জানায়। ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সময়ের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে ব্যবহার করা হয়েছে দেশের নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম ও সংগঠনটির নিজস্ব তথ্য। ফাউন্ডেশন বলছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই ধারণা করা যায়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মোটরসাইকেল দুর্ঘটনায় আরোহী হিসেবে স্বামী-স্ত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে ১৯৩টি, যেখানে মারা গেছেন ৩৮৬ জন। বাবা-সন্তান নিহত হওয়ার ঘটনা ১৫৯টি, নিহত ৩১৮ জন।
অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের দুজন নিহত হওয়ার ঘটনা ২১১টি। তিনজন নিহত হওয়ার ঘটনা ১১৮টি, চারজনের ৯২টি, পাঁচজনের ৫৩টি, ছয়জনের ৩৮টি এবং সাতজনের ১৩টি। সব মিলিয়ে ৫২৫টি দুর্ঘটনায় একই পরিবারের ১,৭২৮ জন নিহত হয়েছেন।
মাইক্রোবাস দুর্ঘটনায় ১৮৬টি ঘটনায় একই পরিবারের ৭০৮ জন নিহত হয়েছেন; এর মধ্যে ১১ জন নিহতের ঘটনা চারটি এবং ১৪ জন নিহতের ঘটনা একটি। প্রাইভেটকার দুর্ঘটনায় ১০৮টি ঘটনায় একই পরিবারের ৩৫২ জন এবং অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪৫টি ঘটনায় ১৬২ জন নিহত হয়েছেন বলে সংগঠনটি জানিয়েছে।