শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬

৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন প্যাকেজের সুবিধা প্রকৃত উদ্যোক্তাদের দিতে ব্যাংকগুলোকে গভর্নরের নির্দেশ

সিলেটে অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে গভর্নর মোস্তাকুর রহমান জানান, ৪ থেকে ৮ শতাংশ কম সুদে এই প্যাকেজের ঋণ দেওয়া হচ্ছে।

নতুন কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ কলকারখানা পুনরুজ্জীবিত করা এবং সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে গতি আনতে বাংলাদেশ ব্যাংক ঘোষিত ৬০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন প্যাকেজের সুবিধা যেন প্রকৃত উদ্যোক্তারা দ্রুত পান, তা নিশ্চিত করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছেন গভর্নর মো. মোস্তাকুর রহমান।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সম্মেলনকক্ষে অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। সভায় সিলেটের স্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলোর আঞ্চলিক প্রধান, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতা, নারী উদ্যোক্তা এবং কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গভর্নর বলেন, বর্তমানে ব্যাংকঋণের ১২ থেকে ১৪ শতাংশ সাধারণ সুদের হার ব্যবসা পরিচালনার জন্য বড় চাপ। এই চাপ থেকে উদ্যোক্তাদের স্বস্তি দিতে এবং থমকে যাওয়া শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে ৪ থেকে ৮ শতাংশের মতো বিশেষ কম সুদে প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ দেওয়া হচ্ছে।

তিনি জানান, প্যাকেজের ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৪১ হাজার কোটি টাকা বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে জোগান দেওয়া হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ, অর্থাৎ ২০ হাজার কোটি টাকা ব্যয় হবে বন্ধ শিল্প পুনর্গঠনে। কৃষি ও পল্লী অর্থনীতি চাঙা করতে বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার কোটি টাকা, আর বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকা।

বেকার যুবসমাজকে অর্থনীতির মূল ধারায় যুক্ত করতে নতুন উদ্যোগের কথাও জানান গভর্নর। তিনি বলেন, চলতি মাস থেকেই ‘উদ্যোগ’ নামের একটি প্রকল্প শুরু হয়েছে। মতবিনিময় সভায় তিনি প্যাকেজ বাস্তবায়নের মাঠপর্যায়ের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।