সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

স্থানীয় নির্বাচনের আগে বহিষ্কৃত বিদ্রোহী নেতাদের দলে ফেরানোর উদ্যোগ বিএনপির, তালিকায় রুমিন ফারহানাসহ সাত সংসদ সদস্য

ত্রয়োদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে লড়ে বহিষ্কৃত হওয়া নেতাদের পর্যায়ক্রমে ফেরানো হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে অংশ নেওয়া বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। দলীয় সূত্র জানিয়েছে, সম্ভাব্য তালিকায় ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৮০ থেকে ৮৫ জন গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন।

দলীয় সূত্র অনুযায়ী, বহিষ্কৃতদের মধ্যে প্রায় ৫০০ জনকে সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরানোর পরিকল্পনা রয়েছে। তাঁদের মধ্যে ৮০ থেকে ৮৫ জন ছিলেন বিদ্রোহী প্রার্থী। ইতিমধ্যে বিদ্রোহী প্রার্থীসহ কয়েকশ নেতাকর্মী দলে ফেরার আবেদন করে কেন্দ্রীয় কার্যালয়ে চিঠি দিয়েছেন। আবেদনগুলো যাচাই-বাছাই করে ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১৭ নভেম্বর নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। দলীয় মনোনয়ন না পেয়ে ওই নির্বাচনে ৪৫টি আসনে দলের কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের ৯১ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন। তাঁদের বিদ্রোহী হিসেবে চিহ্নিত করে বহিষ্কার করা হয়। এঁদের মধ্যে সাতজন জয়ী হয়ে সংসদ সদস্য হন।

সম্ভাব্য তালিকায় থাকা জয়ী সাতজন হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আব্দুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতিকুল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে নেওয়ার অংশ হিসেবে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে আনার আলোচনা চলছে এবং কয়েকটি ধাপে সবাইকে ফেরানো হবে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহিষ্কৃতদের প্রায় সবাই ভুল স্বীকার করে ফেরার আবেদন করেছেন, তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি কিংবা যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।