রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

খুলনায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি, পুলিশের কাছে হস্তান্তর

রূপসার সেনেরবাজার ও নগরীর ফুলবাড়ীগেট এলাকায় শনিবার বিকেল ও সন্ধ্যায় দুটি পৃথক ঘটনা ঘটে।

খুলনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। শনিবার (২১ নভেম্বর) বিকেল ও সন্ধ্যায় রূপসা উপজেলার সেনেরবাজার এবং নগরীর খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট এলাকায় পৃথক এ দুটি ঘটনা ঘটে।

রূপসার সেনেরবাজারে গণপিটুনির শিকার হন আইচগাতী ইউনিয়নের দেয়াড়া ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান ওরফে মনির মাস্টার। তিনি আইচগাতীর বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতির ছোট ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করে স্থানীয় লোকজন পুলিশের হাতে তুলে দেন।

আইচগাতী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. উজ্জ্বল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, মনির মাস্টারের বিরুদ্ধে ঢাকার বাড্ডা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনসংক্রান্ত একটি মামলাসহ মারামারি ও নাশকতার মোট তিনটি মামলা রয়েছে। রোববার (২২ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হবে।

একই দিন সন্ধ্যায় ফুলবাড়ীগেটের জনতা মার্কেটের দ্বিতীয় তলায় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কার্যালয়ে ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম থাকার অভিযোগে এ টি এম লাইসুজ্জামান (৫০) নামে এক নেতাকে মারধর করা হয়। আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির শেখ দাবি করেন, ওই কার্যালয়ে ককটেল তৈরির সরঞ্জাম, কাচের বোতল ও পেট্রোল পাওয়া গেছে এবং সেখান থেকে কম্পিউটার, ল্যাপটপ, বিভিন্ন নথিপত্র ও ভিডিও উদ্ধার করে পুলিশকে দেওয়া হয়েছে। ককটেল তৈরির এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা যায়নি; পুলিশের বক্তব্য অনুযায়ী বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।