যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ও নিষেধাজ্ঞা মোকাবিলায় ইরান তাদের সব সক্ষমতা ব্যবহার করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ কথা বলেন।
বাঘাই বলেন, ‘আমরা এটি কোনোভাবেই মেনে নেব না এবং যুক্তরাষ্ট্রের এই আগ্রাসন মোকাবিলায় আমাদের সব উপায় ব্যবহার করব।’ তাঁর ভাষায়, নৌ অবরোধ ‘সামরিক আগ্রাসন’ হিসেবে বিবেচিত, আর ইরানের নিজেকে রক্ষায় যেকোনো উপায় ব্যবহারের অধিকার রয়েছে। ইরানের আধা-সরকারি সূত্রের বরাতে জানা গেছে, তেহরান অবরোধ ও নিষেধাজ্ঞা নিষ্ক্রিয় করতে একাধিক পদক্ষেপ খতিয়ে দেখছে এবং এ-সংক্রান্ত সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া শুরু হবে। তবে সেসব পদক্ষেপ কী, তা মুখপাত্র স্পষ্ট করেননি।
ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ ১৩ এপ্রিল আরোপ করা হয়। যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে একটি খসড়া সমঝোতা হওয়ার পর জুনে তা তুলে নেওয়া হয়েছিল। চুক্তি ভেস্তে যাওয়ায় ১৪ জুলাই অবরোধ ফের কার্যকর হয়। অবরোধের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ইরানের দৃশ্যমান অপরিশোধিত তেল রপ্তানি প্রায় শূন্যে নেমে এসেছে।
ট্যাংকারের গতিবিধি নজরে রাখা একটি প্রতিষ্ঠান গত সপ্তাহে জানিয়েছিল, উপসাগরে একটি ট্যাংকারে ইরানি অপরিশোধিত তেল বোঝাই হচ্ছে এবং জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমে জুলাইয়ে অবরোধ ফিরে আসার পর এটিই হতে পারে ইরানের প্রথম সফল তেল রপ্তানি। সোমবার বাঘাই ইরানি জাহাজে তেল বোঝাইয়ের এসব খবরকে ‘অনুমান’ বলে উল্লেখ করেন।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের দাবি, প্রণালির চলাচল তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং ওয়াশিংটন শর্ত পূরণ করলেই কেবল তারা তা খুলে দেবে। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে সংঘাত বন্ধ, অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা থেকে ছাড়। বাঘাই বলেন, ‘অন্য পক্ষ যদি সংশ্লিষ্ট শর্ত পূরণ করে, তাহলে আমরা যত দ্রুত সম্ভব আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারব।’ তাঁর মতে, অবরোধ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিধান কার্যকর হলে প্রণালিসহ পুরো অঞ্চলের নিরাপত্তা দ্রুত ফেরানো সম্ভব।
গত সপ্তাহে চীনের শেনজেনে রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের প্রসঙ্গে বাঘাই বলেন, ইরান সম্পর্কিত কোনো সিদ্ধান্ত তেহরানের বাইরে কোথাও নেওয়া হবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যার জবাবে তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে মার্কিন সামরিক স্থাপনা বলে দাবি করা লক্ষ্যবস্তুতে হামলা চালায়। জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পর দুই পক্ষ আলোচনা শুরু করলেও হরমুজ প্রণালিতে চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে মতবিরোধে আলোচনা থমকে আছে।