মহাকাশের অজানা রহস্য উন্মোচনে যেসব অত্যাধুনিক যন্ত্র ব্যবহার হয়, তার উদ্ভাবনে অবদান রেখে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন পাবনার ঈশ্বরদীর মেয়ে ড. মাহমুদা সুলতানা।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের প্ল্যানেটারি এনভায়রনমেন্টস ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্ট সায়েন্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি। ন্যানোপ্রযুক্তি, উন্নত সেন্সর এবং ক্ষুদ্রাকৃতির বৈজ্ঞানিক যন্ত্র উদ্ভাবন নিয়ে তাঁর গবেষণা। লক্ষ্য মহাকাশ অনুসন্ধানকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করা। অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব, গ্রহের বায়ুমণ্ডলের গ্যাস কিংবা দূরবর্তী মহাজাগতিক বস্তুর রাসায়নিক উপাদান শনাক্ত করতে এ ধরনের যন্ত্র প্রয়োজন হয়।
ঈশ্বরদীর জয়নগর গ্রামে জন্ম মাহমুদার। শৈশব থেকেই গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্রতি তাঁর ঝোঁক ছিল। বাবা গোলাম জাকারিয়া (মানু) প্রকৌশলী হওয়ায় বিভিন্ন প্রকৌশল প্রকল্পে বাবার সঙ্গে গিয়ে ছোটবেলাতেই যন্ত্রপাতির ব্যবহার কাছ থেকে দেখেছেন তিনি। পরিবারের এক নিকটাত্মীয় নাসার অ্যামেস রিসার্চ সেন্টারে পদার্থবিজ্ঞানী হিসেবে কাজ করতেন; তাঁর কাছ থেকে মহাকাশ ও গ্রহ-নক্ষত্রের গল্প শুনেই মহাকাশ গবেষণার স্বপ্ন তৈরি হয়।
মাত্র ১৪ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় চলে যান মাহমুদা। ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে রাসায়নিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি নেন এবং গণিতেও বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন। একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে পান ‘সুমা কাম লাউড’ সম্মাননা। পরে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) ভর্তি হয়ে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি সম্পন্ন করেন; পাশাপাশি কোয়ান্টাম মেকানিকস নিয়েও বিশেষায়িত গবেষণা করেন।
সাফল্যের পথ মসৃণ ছিল না বলে জানা যায়। প্রকৌশলীদের আবাসিক এলাকায় বড় হলেও আশপাশে নারী প্রকৌশলী প্রায় দেখেননি তিনি, ফলে একসময় প্রকৌশলকে পুরুষের পেশা বলে ভুল ধারণা জন্মেছিল। কিন্তু বিজ্ঞানের প্রতি ভালোবাসা সেই সীমাবদ্ধতা পেরিয়ে যেতে তাঁকে সাহস জুগিয়েছে। তাঁর গবেষণা ভবিষ্যতে গ্রহ-উপগ্রহের পরিবেশ বিশ্লেষণ ও মহাকাশে বৈজ্ঞানিক অনুসন্ধানের নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে আশা করা হচ্ছে।