যশোরের বেনাপোল স্থলবন্দর-সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণে শ্রমিক ইউনিয়নের দুই নেতা আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত একটার দিকে শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন শ্রমিকেরা।
আহত ব্যক্তিরা হলেন বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান এবং যশোর আন্তজেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের বেনাপোল শাখার সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন। পুলিশ জানায়, তাঁরা মোটরসাইকেলে বন্দরে ইউনিয়নের কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে ছোট আঁচড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছোড়ে। এরপর তারা পালিয়ে যায়।
একটি ককটেল বিস্ফোরিত হলে তবিবুরের ডান পায়ে ও লোকমানের বাঁ পায়ে আঘাত লাগে। তাঁরা মাটিতে পড়ে গেলে অন্য শ্রমিকেরা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বেনাপোল বন্দর থানার ওসি কাজী বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিস্ফোরণে দুজনের পায়ে সামান্য আঘাত লেগেছে। তাঁরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কেউ এজাহার দেননি বলে জানান তিনি; ঘটনার তদন্ত চলছে।
ঘটনার প্রতিবাদে মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলীর নেতৃত্বে শত শত শ্রমিক বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে নেতারা ঘটনার নিন্দা জানান এবং জড়িত ব্যক্তিদের বিচার দাবি করেন।