বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

আটটি পিস্তলের ভিডিও পাঠিয়ে চাঁদা দাবির অভিযোগে নোয়াখালী থেকে ‘বুলেট হৃদয়’ গ্রেপ্তার

চট্টগ্রাম জেলা পুলিশ মঙ্গলবার রাতে নোয়াখালীর কবিরহাট থেকে রাউজানের হৃদয় আহমেদ শাওনকে গ্রেপ্তার করেছে; তাঁকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে।

চট্টগ্রামের রাউজানে অস্ত্রের ভিডিও দেখিয়ে হুমকি ও চাঁদা দাবির অভিযোগে হৃদয় আহমেদ শাওন ওরফে ‘বুলেট হৃদয়’কে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নোয়াখালীর কবিরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হৃদয় রাউজান থানার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহপাড়ার বাসিন্দা। এলাকায় তিনি কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত। রাউজান থানায় ডাকাতি ও দস্যুতার দুটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

কাপড়ের ওপর সাজানো আটটি পিস্তলের একটি ২১ সেকেন্ডের ভিডিও ৪ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক ব্যক্তিকে উদ্দেশ্য করে চাঁদাবাজি বন্ধ করতে ও পালিয়ে যেতে বলা হয়। এরপর হৃদয়কে ধরতে অভিযান শুরু করে পুলিশ।

পুলিশ কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় বলেছেন, তিনি কখনো আট থেকে দশটি, কখনো তার বেশি অস্ত্রের ছবি ও ভিডিও ধারণ করে নির্দিষ্ট ব্যক্তিদের পাঠাতেন। হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করেও পাঠানো হতো বলে তিনি জানিয়েছেন।

ভিডিওর অস্ত্র কোথা থেকে এল, সে প্রশ্নে হৃদয় পুলিশকে জানিয়েছেন, অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়ার মুহাম্মদ কামালের। গত বছরের ৩০ অক্টোবর বিপুল অস্ত্রসহ কামালকে গ্রেপ্তার করেছিল র‍্যাব (বর্তমানে এসআরবি)। তবে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মাসুদ আলম বলেন, কামালের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রের সঙ্গে ভিডিওর অস্ত্রের মিল পাওয়া যায়নি।

পুলিশ সুপার বলেন, হৃদয়কে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। রিমান্ড মঞ্জুর হলে অস্ত্রের উৎস ও সহযোগীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে। ছবি, ভিডিও ও হুমকির বার্তার মাধ্যমে মানুষকে আতঙ্কিত করে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চলবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাউজানে ২৭টি হত্যাকাণ্ড ঘটেছে, যার ২০টি রাজনৈতিক বিরোধের জেরে। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষে গুলিবিদ্ধসহ সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।