জাতিসঙ্ঘে তারেক রহমান: রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেয়াই একমাত্র সমাধান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেয়াই এই সমস্যার একমাত্র সমাধান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদে ফিরিয়ে নেয়াই এই সমস্যার একমাত্র সমাধান। তিনি মনে করেন, রোহিঙ্গা সংকটের উৎস ও সমাধান উভয়ই মিয়ানমারে নিহিত।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসঙ্ঘের সাধারণ অধিবেশনের ৮১তম অধিবেশনে তিনি এই বক্তব্য দেন। তারেক রহমান সতর্কবাণী উচ্চারণ করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে অদূর ভবিষ্যতে এটি এক মানবিক সংকটে রূপ নিতে পারে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিতে হচ্ছে। এর ফলে বাংলাদেশের সম্পদ, পরিবেশ, নিরাপত্তা এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।
এই সঙ্কটের চূড়ান্ত সমাধানের জন্য তিনি জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় এবং কার্যকর সমর্থন কামনা করেন।
এছাড়াও, তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেয়ার আগ পর্যন্ত তাদের জীবন রক্ষাকারী সহায়তা কর্মসূচি অব্যাহত রাখার জন্যও জাতিসঙ্ঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।