মালয়েশিয়ায় উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে নারী, শিশু ও পুরুষসহ ৭২ জনকে ট্রলারে তুলে গভীর সমুদ্রে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে একটি মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে। শুক্রবার (২০ নভেম্বর) রাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট ও শৈবাল পয়েন্ট এলাকায় ট্রলারটি পৌঁছালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নারী-শিশুসহ ২৮ জনকে উদ্ধার করেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বর্ণনা অনুযায়ী, গত ১২ নভেম্বর টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট মাছ ধরার নৌকায় করে যাত্রীদের গভীর সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তোলা হয়। কয়েকজন উদ্ধার হওয়া ব্যক্তি দাবি করেছেন, ওই ট্রলারে মোট ৭২ জন ছিলেন।
ভুক্তভোগীদের অভিযোগ, মালয়েশিয়ায় পৌঁছে দেওয়ার আশ্বাসে ট্রলারে তোলার পর পরিস্থিতি পাল্টে যায়। যাত্রীদের মুঠোফোন কেড়ে নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয় এবং পরিবারের কাছ থেকে টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হয়। তাঁদের কয়েকজনের ভাষ্য, ট্রলারে মারধর ও শারীরিক নির্যাতন চালানো হয়েছে এবং পরিবারের সদস্যদের ফোন করে মুক্তিপণ চাওয়া হয়েছে। জনপ্রতি প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেন তাঁরা।
টানা ছয় থেকে আট দিন সাগরে আটকে থাকার পর পাচারকারীদের সঙ্গে ট্রলারে থাকা ব্যক্তিদের বিরোধ ও সংঘর্ষ হয়। এরপর ট্রলারটি লাবণী পয়েন্টে পৌঁছায়। উদ্ধার অভিযানের সময় ট্রলারে থাকা পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।