বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

বাগমারায় ইউএনও ও সহকারী কমিশনারের (ভূমি) প্রত্যাহার চেয়ে বিএনপি-সংশ্লিষ্টদের বিক্ষোভ, অভিযোগ অস্বীকার ইউএনওর

নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় এক নেতার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ তুলে ভবানীগঞ্জে মিছিল ও সমাবেশ হয়েছে; ইউএনও বলছেন, অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।

রাজশাহীর বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ বাজারে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাগমারা উপজেলা শাখার সহসভাপতি জাহাঙ্গীর আলম হেলালের সঙ্গে সোমবার ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) গোপন বৈঠক করেছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে মঙ্গলবার ভবানীগঞ্জ বাজারের আলূহাঁটি থেকে মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই-পরবর্তী সময়ে নিষিদ্ধ সংগঠনের কাউকে পুনর্বাসনের চেষ্টা চলছে, যা মেনে নেওয়া হবে না। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক (মানিক) বলেন, আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতির সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করা হয়েছে, অথচ তাঁদের গুরুত্ব দেওয়া হয় না। উপজেলা মহিলা দলের সভানেত্রী নিহার বানুর অভিযোগ, তাঁদের বসিয়ে রেখে আওয়ামী লীগের নেতাদের দুই-তিন ঘণ্টা সময় দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে ইউএনও রিজু তামান্না বলেন, গোপন আঁতাত বা বৈঠকের অভিযোগ সত্য নয় এবং এটি উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর ভাষ্য, সেবা নিতে প্রতিদিন শত শত মানুষ দপ্তরে আসেন; অভিযুক্ত ব্যক্তি গত দুই বছরে অসংখ্যবার দপ্তরে এসেছেন, কিন্তু তাঁর সঙ্গে কোনো গোপন বৈঠক হয়নি। ইউএনওর দাবি, উপজেলা মহিলা দলের সভানেত্রী তাঁকে আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সদস্য করার জন্য চাপ দিয়েছিলেন; সাড়া না পাওয়ায় তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

বিক্ষোভ সমাবেশে মহিলা দলের রাজশাহী জেলা সভানেত্রী অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, উপজেলা মহিলা দল, যুবদল, পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা উপস্থিত ছিলেন।