← Back

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আইসিডিডিআর,বি-র বিশেষ সেমিনার

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আইসিডিডিআর,বি-র বিশেষ সেমিনার
ছবিঃ আইসিডিডিআরবি
মাতৃদুগ্ধপানকে অগ্রাধিকার দিন: টেকসই সহায়তা ব্যবস্থা গড়ে তুলুন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে গতকাল ৬ আগস্ট আইসিডিডিআর,বি-র সাসাকাওয়া অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ সেমিনারে সংস্থাটির ব্রেস্টফিডিং কাউন্সেলিং ইউনিটের এক দশকের সাফল্য তুলে ধরেন অ্যাসোসিয়েট সায়েন্টিস্ট ডা. শারিকা নুজহাত। তিনি জানান, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেওয়া ৮৯% মা (১,১৬২ জন) পুনরায় সফলভাবে শিশুকে মাতৃদুগ্ধপান করাতে সক্ষম হয়েছেন। এই জীবনরক্ষাকারী প্রক্রিয়াটি ‘রিল্যাক্টেশন’ নামে পরিচিত।

ডা. নুজহাত বলেন, “বিশ্বব্যাপী সব শিশুর জন্য মাতৃদুগ্ধপান নিশ্চিত করা গেলে প্রতি বছর ৫ বছরের কম বয়সী প্রায় ৮ লাখ ২৩ হাজার শিশুর মৃত্যু এবং ব্রেস্ট ক্যান্সারে ২০ হাজার মায়ের মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।”

উদ্বেগজনক পরিস্থিতি বাংলাদেশে

বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপ (বিডিএইচএস) ২০২২ অনুযায়ী, জন্মের পর ৫ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মাতৃদুগ্ধপান করা শিশুর হার ৫৫%-এ নেমে এসেছে, যা ২০১৭-১৮ সালে ছিল ৬৫%। এই হ্রাসপ্রবণতা শিশুদের পুষ্টি ও রোগপ্রতিরোধ ক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আইসিডিডিআর,বি-র নিরলস প্রচেষ্টা

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ব্রেস্টফিডিং কাউন্সেলিং ইউনিট ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের অভিভাবকদের মধ্যে এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং সম্পর্কে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ৬,৫০০ শিশুর অভিভাবককে কাউন্সেলিং সেবা প্রদান করা হয়েছে, যার মধ্যে ৪,৭৬৯ শিশুর মাতৃদুগ্ধপানের অবস্থা উন্নত হয়েছে।

ফোন ফলো-আপ প্রকল্পের তথ্য অনুযায়ী, যেসব মা হাসপাতালে ব্রেস্টফিডিং কাউন্সেলিং পেয়েছেন, তাদের মধ্যে ৫০% বাড়ি ফিরে গিয়েও সফলভাবে ৬ মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং সম্পন্ন করেছেন।

 

জনস্বাস্থ্য ও সচেতনতার বার্তা

আইসিডিডিআর,বি-র এই উদ্যোগ শুধু শিশুর পুষ্টি নয়, মায়ের স্বাস্থ্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রমাণভিত্তিক জনস্বাস্থ্য প্রভাব নিশ্চিত করার প্রতি সংস্থাটির প্রতিশ্রুতি এই সেবার মাধ্যমে আরও দৃঢ় হয়েছে।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে আমাদের অঙ্গীকার হোক— “মাতৃদুগ্ধপানকে অগ্রাধিকার দিন: টেকসই সহায়তা ব্যবস্থা গড়ে তুলুন।”

 

নামাজের সময়

--:--:--
  • ফজর --:--
  • যোহর --:--
  • আসর --:--
  • মাগরিব --:--
  • এশা --:--
লোড হচ্ছে...

শহর নির্বাচন করুন