দেশে সাম্প্রতিক অস্থিরতার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সংলাপকে ইতিবাচকভাবে দেখছে বিরোধী দলগুলো। তবে সরকার আমন্ত্রণ জানালে জামায়াতে ইসলামীসহ বিরোধী ১১ দল একসঙ্গেই সংলাপে বসতে চায়। গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের প্রশ্নে ছাড় দিতে রাজি নয় তারা।
সূত্র জানিয়েছে, গত ১৮ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ফ্যাসিবাদ ও দেশব্যাপী সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ওই দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুজন একান্ত বৈঠকও করেন। প্রধানমন্ত্রী বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গেও বৈঠক করতে চেয়েছিলেন, কিন্তু নাহিদ ইসলাম বিদেশে থাকায় তা হয়নি। এর ধারাবাহিকতায় সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক হয়। সরকারি একটি সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে প্রধানমন্ত্রী বিভিন্ন দলের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছেন।
বিরোধী ১১ দলের নেতারা বলছেন, এখনো সরকারের পক্ষ থেকে সংলাপের কোনো চিঠি বা আমন্ত্রণ তাঁরা পাননি। গত রোববার মিন্টু রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতারা বৈঠক করেন। সেখানে সরকার আমন্ত্রণ জানালে তা স্বাগত জানানোর সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেন, আমন্ত্রণ পেলেও তাঁরা এককভাবে সংলাপে যাবেন না; ১১ দল একসঙ্গে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সংলাপ হোক বা না হোক, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তাঁর ভাষ্য, শুধু মুখে ঐক্যের কথা বললে হবে না; জাতীয় ঐক্য গড়তে হলে সরকারকে তাঁদের দাবি মানতে হবে।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ১১ দলের বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ ও সংবিধান সংস্কারের প্রশ্নে একই নীতিতে থাকার সিদ্ধান্ত হয়েছে; বৈঠক ডাকলে সব দলকে একসঙ্গে ডাকার পরামর্শ সরকারকে দেওয়া হয়েছে। ১১ দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বলেন, সংলাপ নিয়ে তাঁরা এখনো কিছু জানেন না, তবে গণভোটের রায় ও সংবিধান সংস্কারে আগের অবস্থানেই আছেন; ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বিষয়ে সব দল একমত।