শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, ভারতকে দুবার চিঠি দিয়েও উত্তর মেলেনি: পানিসম্পদমন্ত্রী

পানি ভবনের এক অনুষ্ঠানে মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জানান, আলোচনার জন্য বিশেষ কমিটির দুটি চিঠির কোনো জবাব ঢাকা পায়নি; তিনি ব্যক্তিগতভাবেও চিঠি পাঠিয়েছেন।

ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। এর আগে সমাধানে পৌঁছাতে দুই দফায় চিঠি পাঠানো হলেও ভারত কোনোটিরই জবাব দেয়নি বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিশেষ কমিটির পক্ষ থেকে ভারতকে দুটি চিঠি পাঠানো হয়েছে, কিন্তু একটিরও উত্তর আসেনি। তিনি নিজেও ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছেন, তার জবাবও এখনো পাননি। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারকে আমন্ত্রণ জানিয়ে আলোচনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, হাইকমিশনার এসে আশ্বস্ত করেছেন, তবে বাস্তবে এখনো কোনো ইতিবাচক লক্ষণ দেখা যাচ্ছে না।

বাংলাদেশ হাত গুটিয়ে বসে নেই বলে উল্লেখ করেন মন্ত্রী। তাঁর ভাষায়, পানি ধরে রাখার জন্য ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হচ্ছে, পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারেজ হাতে নেওয়া হয়েছে এবং উৎপাদন ও উন্নয়ন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনার কাজও শুরু হয়েছে।

প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রত্যাশা জানিয়ে মন্ত্রী বলেন, সীমান্তে নানা ধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে রুখে দাঁড়াবে, সেসব বিষয়ে সহযোগিতা করার দায়িত্বও ভারতের রয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এমন কোনো সম্পর্ক চায় না, যেখানে গুম, খুন ও দুর্নীতির সঙ্গে জড়িত সাজাপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হয়; বরং বাংলাদেশের সব মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক গড়ে ওঠা উচিত।