পাঁচ বছরের বিরতির পর মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলে ফেরার দিন। ফেডারেশন কাপে বেলা আড়াইটায় এই মাঠে মুখোমুখি হওয়ার কথা ছিল ফর্টিস ও রহমতগঞ্জের। ২০২১ সালের ২০ সেপ্টেম্বর আবাহনী-বসুন্ধরা কিংস ম্যাচের পর এ মাঠে আর কোনো ঘরোয়া ফুটবল ম্যাচ হয়নি। সংস্কারকাজের জন্য খেলা বন্ধ ছিল। সংস্কার শেষে আন্তর্জাতিক ম্যাচ ও সাফ চ্যাম্পিয়নশিপ হলেও ঘরোয়া ফুটবলের জন্য এত দিন অপেক্ষা করতে হয়েছে।
জাতীয় দলের খেলার জন্য এক মাসের বিরতির পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ। এক দিনে হওয়ার কথা তিনটি ম্যাচ। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি মুন্সিগঞ্জে আবাহনী খেলবে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে। মানিকগঞ্জে চট্টগ্রাম সিটি মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের। ‘এ’ গ্রুপে থাকা ব্রাদার্স দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। চট্টগ্রাম সিটিরও পয়েন্ট চার, তবে গোল ব্যবধানে তারা পিছিয়ে। এক ম্যাচে এক ড্রয়ে ফর্টিসের পয়েন্ট এক।
ঘরোয়া ফুটবলের এই প্রত্যাবর্তনে সবচেয়ে বেশি খুশি খেলোয়াড়েরা। রহমতগঞ্জের ফরোয়ার্ড রফিকুল ইসলাম বলেন, এই মাঠে নিয়মিত ঘরোয়া ফুটবল হলে তাঁদের জন্যও ভালো হবে, দর্শকেরাও ম্যাচ উপভোগ করতে পারবেন। ফর্টিসের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম এ মাঠে খেলার ইতিবাচক দিক তুলে ধরে বলেন, খেলোয়াড়দের জন্য মাঠটি ভালো, চোটে পড়ার ঝুঁকি কম থাকে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় স্টেডিয়ামে ঘরোয়া ফুটবলের এই ফেরা দীর্ঘমেয়াদি করার পরিকল্পনা করছে। সূচি অনুযায়ী ফেডারেশন কাপের গ্রুপ পর্বের আরও ছয়টি ম্যাচ এ মাঠে হওয়ার কথা। এ ছাড়া লিগ এবং ফেডারেশন কাপের নকআউট পর্বের কিছু ম্যাচও এখানে আয়োজনের পরিকল্পনা আছে বাফুফের।