নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তার পাশে পার্ক করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড মোড়ে মঞ্জিল পরিবহনের ওই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা দুই দুর্বৃত্ত বাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে এসে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে বাসটি ছাই হয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এ অগ্নিসংযোগ করা হয়েছে। তবে প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় নিশ্চিত হতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
একই সময়ে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ঠাটাঙ্গা এলাকায় গড়পাড়া নিউ মডেল হাই স্কুলের সামনে পার্ক করা একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। বাসটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে রাখা ছিল। ভুইয়া পরিবহনের ওই বাসটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত। আগুনে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোয় বিভিন্ন জেলায় যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।