বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং

আজ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

বিকেল ৩টায় প্রথম ৩৫০ মেগাওয়াট সরবরাহের পরিকল্পনা

রিয়াক্টর থেকে স্টিম জেনারেটর হয়ে কুলিং টাওয়ারের মাধ্যমে রিলিজ হচ্ছে
ছবি: রিয়াক্টর থেকে স্টিম জেনারেটর হয়ে কুলিং টাওয়ারের মাধ্যমে রিলিজ হচ্ছে

দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে আজ এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ থেকে আজ মঙ্গলবার বিকেল ৩টায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্প সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, প্রথম ধাপে আজ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এই পরীক্ষামূলক গ্রিড সংযোগের মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশের পথে চূড়ান্ত ধাপে পা রাখল বাংলাদেশ।

বিকেল ৩টায় ‘গ্রিড সিঙ্ক্রোনাইজেশন’ পরীক্ষা: প্রকল্পের প্রকৌশলীদের তথ্যমতে, আজ বিকেল ৩টায় বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনে যুক্ত করার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কারিগরি ভাষায় একে ‘গ্রিড সিঙ্ক্রোনাইজেশন’ বলা হয়। এর মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিড কতটা সফলভাবে গ্রহণ ও সঞ্চালন করতে পারছে, তা যাচাই করা হবে।

কয়েক ঘণ্টাব্যাপী এই পরীক্ষামূলক সরবরাহের সময় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রকৌশলীরা গ্রিডের স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন। এ সময় কেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, প্রকল্প বাস্তবায়নকারী রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এবং গ্রিড পরিচালনাকারী সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ধাপে ধাপে পূর্ণ উৎপাদনে যাওয়ার প্রক্রিয়া: সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আজকের এই পরীক্ষামূলক সংযোগের পর কেন্দ্রের যন্ত্রপাতি ও সঞ্চালন ব্যবস্থার কারিগরি দিকগুলো পুনরায় যাচাই-বাছাই করা হবে। সব ধরনের নিরাপত্তা ও মানদণ্ড নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে আগামী ২১ নভেম্বর থেকে নিয়মিতভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর প্রথম ইউনিটের চুল্লিতে প্রথমবারের মতো নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া (চেইন রিঅ্যাকশন) সফলভাবে শুরু হয়। পরবর্তীতে কম্পনজনিত কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা ভালভ যাচাই শেষে আজ চূড়ান্তভাবে গ্রিডে বিদ্যুৎ দেওয়ার পর্যায়ে পৌঁছাল প্রকল্পটি। প্রকৌশলীদের মতে, ১,২০০ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি ধাপে ধাপে সক্ষমতা বাড়িয়ে পূর্ণ উৎপাদনে যেতে আরও প্রায় ৫ থেকে ৬ মাস সময় লাগতে পারে।

প্রকল্পের প্রেক্ষাপট ও অর্থনীতিতে প্রভাব: রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট করে মোট ২,৪০০ মেগাওয়াট। নিজস্ব ব্যবহার বাদ দিয়ে দুটি ইউনিট পূর্ণমাত্রায় চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২,০৬০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যুক্ত হবে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশের লোডশেডিং উল্লেখযোগ্য হারে কমে আসবে। পাশাপাশি আমদানিনির্ভর ব্যয়বহুল তরল জ্বালানি ও কয়লার ওপর নির্ভরতা কমায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

প্রকল্প সংশ্লিষ্ট একজন প্রকৌশলী জানান, “সবকিছু ঠিক থাকলে আজ বিকেল ৩টায় আমরা প্রথম পাওয়ার হিসেবে ৩৫০ মেগাওয়াট গ্রিডে দেব। দীর্ঘদিনের পরিশ্রম আজ সফল হতে যাচ্ছে, যা পুরো জাতির জন্য গর্বের।”