রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আজ ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক, গঙ্গা চুক্তির মেয়াদ শেষের মুখে

১২ ডিসেম্বর ফুরাচ্ছে ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ; বর্তমান চুক্তির আওতায় এটিই শেষ বৈঠক বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে যৌথ নদী কমিশনের (জেআরসি) আওতায় বৈঠক আজ রোববার (২২ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ এ বছর একই দিনে শেষ হচ্ছে, ফলে বৈঠকটি বাড়তি গুরুত্ব পাচ্ছে।

এক জ্যেষ্ঠ কর্মকর্তা শনিবার জানান, ভারতীয় প্রতিনিধিদল ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছে এবং বিদ্যমান চুক্তির আওতায় এটি হবে শেষ বৈঠক। ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন যৌথ নদী কমিশনের সদস্য ও যৌথ কমিটির বাংলাদেশ অংশের চেয়ারম্যান মো. আনোয়ার কাদির। ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে আছেন কমিশনার (এফএম) ও যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।

ভারতের দলে আরও আছেন কেন্দ্রীয় পানি কমিশনের প্রধান প্রকৌশলী সঞ্জয় কুমার গাংওয়ার, সিনিয়র জয়েন্ট কমিশনার রমেশ রাজ সম্ভারিয়াসহ কয়েকজন কর্মকর্তা। বাংলাদেশের দলে আছেন পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলজি বিভাগের প্রধান প্রকৌশলী ড. মো. সাজ্জাদ হোসেন, যৌথ নদী কমিশনের পরিচালক মোহাম্মদ আবু সাইদ, পানিসম্পদ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ঢাকার ভাষ্য অনুযায়ী, এটি একটি নিয়মিত বৈঠক। বিদ্যমান চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিশ্চিত করাই এই কমিটির দায়িত্ব; চুক্তি নবায়ন বা মেয়াদ বাড়ানো এই কমিটির এখতিয়ারের মধ্যে পড়ে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গঙ্গাসহ সব পানি ও সীমান্তনদী-সংক্রান্ত বিষয়ে আলোচনার প্রতিষ্ঠিত কাঠামো হলো যৌথ নদী কমিশন।