রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় দিবসের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় প্রশাসনের অনুষ্ঠানে বিএনপির বিক্ষোভ, কর্মসূচি বর্জন

জেলা প্রশাসক বলেছেন, ব্যানারে ছবি এড়িয়ে চলার নির্দেশনা থাকায় ছবি দেওয়া হয়নি; তবে জিয়াউর রহমানের ছবি থাকলে ভালো হতো।

চুয়াডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানের ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় বিক্ষোভ করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠানস্থলে হাজির হয়ে তাঁরা প্রতিবাদ জানান। পরে অনুষ্ঠানস্থলের বাইরে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা প্রশাসনের আয়োজন বর্জনের ঘোষণা দেওয়া হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এরপর ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণের আয়োজন ছিল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম তারিক উজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সভাপতির বক্তব্যের আগে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে হাজির হন বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা আয়োজকদের কাছে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকার কারণ জানতে চান। বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ব্যানারে ছবি দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা সব সময় দেন, তাই ছবির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। তবে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি থাকলে ভালো হতো এবং বিষয়টি আরও ভালোভাবে লক্ষ করা দরকার ছিল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, সিভিল সার্জন হাদী মো. জিয়াউদ্দিনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। বিক্ষোভের সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন। শেষ পর্যন্ত তাঁরা অনুষ্ঠানস্থলের বাইরে সমাবেশ করে প্রশাসনের আজকের আয়োজন বর্জনের ঘোষণা দেন।