মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা, মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ: সংসদে অর্থমন্ত্রী

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী ২০২১ সাল থেকে খেলাপি ঋণের ধারাবাহিক বৃদ্ধির হিসাব তুলে ধরেন।

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলেছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।

সোমবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, ২০২১ সালে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৩০৬ কোটি ২১ লাখ টাকা, যা মোট ঋণের ৭ দশমিক ২৪ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে হয় ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা বা ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩ সালে এর পরিমাণ ছিল ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা, অর্থাৎ ৮ দশমিক ৩৯ শতাংশ।

পরের দুই বছরে খেলাপি ঋণ আরও দ্রুত বেড়েছে। ২০২৪ সালে এর পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা বা ১৭ দশমিক ৮৩ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে হয় ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ।

জামায়াতের আরেক সংসদ সদস্য কামরুল হাসানের একই ধরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংক চলতি বছর কয়েকটি অগ্রাধিকারভিত্তিক পদক্ষেপ নিয়েছে। যেসব ব্যাংকের শ্রেণিকৃত ঋণের হার ১০ শতাংশের বেশি, সেগুলোর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা ও নিবিড় তদারকি চলছে। এসব আলোচনায় ব্যাংকভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হচ্ছে।

দীর্ঘদিনের অনাদায়ি ঋণ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ এককালীন এক্সিট সুবিধা চালু করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। শর্ত পূরণ সাপেক্ষে ঋণগ্রহীতারা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধায় ঋণ নিষ্পত্তির সুযোগ পাবেন।